মেডিকেলের ক্যাফেতে অস্বাস্থ্যকর খাবার, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে সিএমসি ক্যাফে ও চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মেডিকোপ সুপার শপে মূল্য তালিকা না থাকা ও ডাবের দাম বেশি রাখা এবং দুটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির অনিয়ম পাওয়া গেছে। এসব ঘটনায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চমেক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিএমসি ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্না ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়।
চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্না ও পরিবেশনের পাশাপাশি দধিতে মেয়াদ ব্যবহারের তারিখ ছিল না।
অন্যদিকে, মূল্য তালিকা না রাখা এবং ডাবের দাম বেশি নেওয়ার অভিযোগে মেডিকোপ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ও বিদেশি অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২কে ২৫ হাজার টাকা এবং স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বপ্না মেডিকেল স্টোরেও মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, 'হাসপাতালসংলগ্ন এলাকায় খাদ্য ও ওষুধ বিক্রির ক্ষেত্রে অনিয়মের সুযোগ নেই। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং পণ্যের মূল্য নিয়ে অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদ ও অনুমোদন যাচাই করে ওষুধ বিক্রি এবং পণ্যের সঠিক মূল্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।'
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















