Cvoice24.com

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
১৮:১৬, ১ অক্টোবর ২০২৬
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় জড়ো হয়েছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ মো. হোছনকে আটক করে। তাঁর সঙ্গে থাকা আরও চার-পাঁচজন পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হোছনের হেফাজত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া তিনটি লোহার ছুরি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার সব খবর