Cvoice24.com

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

সিভয়েস২৪ ডেস্ক
২১:৫৫, ২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী পরিচিত ছিলেন একজন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজে যুক্ত হওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন খালিদী। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল—তিন মাধ্যমেই তাঁর সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল।

ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন।

২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশে’ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

২০০৬ সালে তাঁর নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এটি দেশের অন্যতম পরিচিত অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জাতীয় সব খবর