ফাঁদ থেকে মুক্ত ২৪ বক, উখিয়ার আকাশে ফিরল প্রাণ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। উখিয়ারঘাট বিট এলাকার কোথাও হয়তো শিকারির ফাঁদে আটকে আতঙ্কে ছটফট করছিল একের পর এক বক। উড়তে চেয়েও পারছিল না তারা। সেই মুহূর্তেই অভিযান চালায় বন বিভাগ। উদ্ধার করা হয় ২৪টি বক।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়ারঘাট বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের সদস্যরা পৌঁছানোর আগেই বক শিকারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের পর বকগুলোকে নিয়ে আসা হয় বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেখান থেকেই পাখিগুলোকে অবমুক্ত করা হয়। খোলা আকাশে ডানা মেলে ফিরে যায় তারা নিজেদের স্বাভাবিক পরিবেশে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী শিকার ও পাচার ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে উখিয়ারঘাট বিট এলাকায় অভিযান চালিয়ে বকগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক। এ সময় উখিয়ারঘাট বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
কক্সবাজার সব খবর















