হাজারো মানুষের উপস্থিতি, প্রিয় শিক্ষকের শেষ বিদায়ে মগনামায় মানুষের ঢল
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়া উপজেলার কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিনের (৪০) নামাজে জানাজা হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় মগনামা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
প্রিয় শিক্ষককে শেষবারের মতো বিদায় জানাতে জানাজায় উপস্থিত হন তার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। এ সময় জানাজা মাঠে এক হৃদয়বিদারক শোকের পরিবেশ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যক্ষ নুরুল আমিন।
তিনি মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহত্তর মগনামা ইউনিয়নের সাবেক এমইউপি মরহুম সালেহ আহমেদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১২ মাস বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
জানাজার আগে, স্মৃতিচারণ করে বক্তব্য দেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মজিবুর রহমান, ফয়েজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফসহ তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
বক্তারা অধ্যক্ষ নুরুল আমিনের কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে তার অবদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গন ও স্থানীয় মানুষের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, বক্তারা তা তুলে ধরেন।
নামাজে জানাজা শেষে অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে কিংস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজার সব খবর















