Cvoice24.com

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১:৫৫, ২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার

কক্সবাজারে কৃষক লীগ নেতা মো. সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকার আদালতে করা একটি মামলায় তিনি আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার রান্নাঘর রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ঢাকা ক্যান্টনমেন্ট আমলি আদালতে করা ওই মামলায় সেলিম রেজাকে ১৮০ নম্বর আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে মামলায়।

সেলিম রেজা কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের নেতা বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘোনা দখলের অভিযোগে এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি বর্তমানে কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে তদন্তাধীন রয়েছে।

সেলিম রেজা কক্সবাজারের চৌফলদণ্ডী এলাকার শফিকুর রহমানের ছেলে। তার জাতীয় পরিচয়পত্রে কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ঠিকানা উল্লেখ রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঢাকার আদালতে করা ছাত্র আন্দোলনে হামলার মামলায় সেলিম রেজা আসামি। এ কারণে তাকে গ্রেপ্তার  করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।