Cvoice24.com

জামায়াতের মুখে ইসলাম, অন্তরে মুনাফেকি: রাশেদ খাঁন

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৫৬, ২ অক্টোবর ২০২৬
জামায়াতের মুখে ইসলাম, অন্তরে মুনাফেকি: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী মূল্যবোধের কথা বললেও তাদের আচরণে দ্বিচারিতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে মুনাফেকি আচরণ করছে। ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারছে।’

তিনি বলেন, ‘জামায়াত মানুষকে বিভ্রান্ত করে মুনাফেকি করছে এবং কীভাবে সরকারে যাওয়া যায়, সেই চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আমি হুজুরের দোয়া নিতে এসেছি।’ 

তার দাবি, হেফাজতের আমির বলেছেন, দেশের স্বার্থে সবার উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা। রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখার কথাও তিনি বলেন।

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘শাপলা গণহত্যার বিচারের জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

হেফাজতে ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতের মুনাফেকি আচরণের বিরুদ্ধে গিয়ে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।’

সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব সাজিম উদ্দীন শাহিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনাকে ঘিরে পরবর্তী সময়ে বিভিন্ন পক্ষ মামলা ও অভিযোগ করেছে; এসব ঘটনায় ‘গণহত্যা’সহ বিভিন্ন অভিযোগের বিচার বা তদন্তের দাবি রয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর