গাছের সঙ্গে ঝুলছিলো ইটভাটার শ্রমিকের প্রাণহীন দেহ
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ আবু তৈয়ব মাইকেল নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার গলাচিপা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গলাচিপা এলাকায় একটি গাছের সঙ্গে আবু তৈয়বকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আবু তৈয়ব পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














