Cvoice24.com

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন বৃহস্পতিবার

সিভয়েস২৪ ডেস্ক
১২:১৩, ২৮ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন বৃহস্পতিবার

জাতীয় নির্বাচনের আট মাসের মাথায় আবারও ভোটের মুখোমুখি ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হওয়ার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট পাঁচজন প্রার্থী।

পাঁচ লাখের বেশি ভোটার নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’