Cvoice24.com

চকবাজারের জামান হোটেলে তেলাপোকা-ইঁদুরের মল, ৩ লাখ টাকা জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৩০, ২৯ অক্টোবর ২০২৬
চকবাজারের জামান হোটেলে তেলাপোকা-ইঁদুরের মল, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে তেলাপোকার বিচরণ, নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মল এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, রেস্টুরেন্টটির রান্নাঘর ছিল স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন। মেঝে ভাঙা এবং ময়লা ফেলার ডাস্টবিনগুলো ছিল ঢাকনাবিহীন। নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্রতে ময়লা এবং খাবার তৈরিতে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ পুডিংও পাওয়া যায়।

এসব অনিয়মের সত্যতা পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা জানান, জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাদ্য প্রস্তুতের পরিবেশ ও সরঞ্জামে গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর