Cvoice24.com

বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও  র‍্যালি

সিভয়েস২৪ ডেস্ক
২২:৫৩, ২৯ অক্টোবর ২০২৬
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও  র‍্যালি

বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতালটিতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব স্ট্রোক দিবসের এবারের প্রতিপাদ্য ‘এভরি মিনিট কাউন্টস’ সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ ‘অ্যাক্ট-ফাস্ট’ (Act FAST) ক্যাম্পেইন শুরু করেছে। স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করে রোগীকে জরুরি চিকিৎসার আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার বিনয় কাউল বলেন, ‘স্ট্রোক এমন একটি জরুরি অবস্থা, যেখানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে, চিকিৎসা নিতে দেরি হলে ঝুঁকি বাড়তে পারে। তাই স্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে পেশেন্ট ফোরাম ও র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষকে আরও সচেতন করতে পারব বলে আশা করছি।’

এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। লক্ষণ শনাক্ত করতে দেরি হলে রোগীর সুস্থ হওয়ার, এমনকি বেঁচে থাকার সম্ভাবনাও কমে যেতে পারে। আসুন, সম্মিলিত উদ্যোগে স্ট্রোক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলি।’

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান বলেন, স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো হাসপাতালে পৌঁছালে রোগীর অবস্থা অনুযায়ী থ্রম্বোলাইসিস বা অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ানো সম্ভব। তাই স্ট্রোকের লক্ষণ শনাক্ত করা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাসপাতালটির নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. সোমেন চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে প্রতি চারজনের একজন তার জীবদ্দশায় স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। মুখ বেঁকে যাওয়া, হাত বা পায়ে দুর্বলতা এবং কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ স্ট্রোকের ইঙ্গিত হতে পারে। স্ট্রোকের সময় মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই সময়মতো হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেওয়া গেলে রোগীর জীবন রক্ষা ও সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পেশেন্ট ফোরামে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পেশেন্ট ফোরাম শেষে চিকিৎসক, মেডিকেল স্টাফ, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করা এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

স্বাস্থ্য সব খবর