উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির প্রসারে নতুন উদ্যোগ উইপ্রো জিই হেলথকেয়ারের
সিভয়েস২৪ ডেস্ক
বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামো ও প্রযুক্তির ঘাটতি রয়েছে, সেখানে আধুনিক স্বাস্থ্যসেবা প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা।
এই কর্মসূচি মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগীর সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই ‘হেলথ এক্সপ্রেস’-এর আওতায় কার্যকর যন্ত্রপাতির সরাসরি প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে চিকিৎসকেরা উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন। এটি রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়াবে এবং ক্লিনিক্যাল কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে সহায়তা করবে।
বগুড়া দিয়ে যাত্রা শুরু হওয়া এই কর্মসূচি আগামী তিন মাসে দেশের ২০টিরও বেশি জেলায় পৌঁছাবে। এই প্রচারণার অংশ হিসেবে উইপ্রো জিই হেলথকেয়ার তাদের সর্বাধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ প্রোডাক্ট ডেমো এবং শিক্ষামূলক সেশনের আয়োজন করবে। একই সঙ্গে এটি চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্রিত করে স্বাস্থ্যসেবা খাতের মূল চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে।
উইপ্রো জিই হেলথকেয়ারের আল্ট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, “আমরা বিশ্বাস করি, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচির মাধ্যমে আমাদের বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুবিধা তুলে ধরে আমরা চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে চাই। একই সঙ্গে আমাদের লক্ষ্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা সবার জন্য সহজলভ্য করা। রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা চিকিৎসক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সঠিক জ্ঞান দিয়ে সহায়তা করছি। এর মাধ্যমে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ বাস্তবায়নে আমাদের যে লক্ষ্য, তা আরও এক ধাপ এগিয়ে যাবে।”
এই উদ্যোগটি স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকীকরণ, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করার ক্ষেত্রে উইপ্রো জিই হেলথকেয়ারের ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমে এই উদ্যোগ আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির প্রসার ঘটাতে এবং একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা খাত গড়ে তুলতে ভূমিকা রাখবে।
স্বাস্থ্য সব খবর















