Cvoice24.com

স্বাস্থ্য পরীক্ষায় নির্ভুল-দ্রুত ফল পেতে দেশে নতুন প্রযুক্তি

সিভয়েস২৪ ডেস্ক
১৮:২৪, ২০ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য পরীক্ষায় নির্ভুল-দ্রুত ফল পেতে দেশে নতুন প্রযুক্তি

স্বাস্থ্য পরীক্ষায় নির্ভুল ও দ্রুত ফল প্রদানের জন্য দেশে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে টেকভাইটাল সিস্টেমস লিমিটেড। আধুনিক অল-ইন-ওয়ান ল্যাব মেশিন ডিরুই সিএসএম ৮০০০ (DIRUI CSM-8000) এ থাকছে নতুন এ প্রযুক্তি। যা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা একই পদ্ধতিতে, একসাথে ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম।

সম্প্রতি চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ডিরুই সিএসএম-৮০০০ এর সুবিধাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে টেকভাইটালের বিভিন্ন প্রযুক্তিবিষয়ক পণ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের কর্ণধার, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নতুন প্রযুক্তি নিয়ে টেকভাইটালের ম্যানেজিং ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ বলেন, 'ডিরুই সিএসএম ৮০০০ একাধিক অ্যানালাইজারকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসে, ম্যানুয়াল কাজ কমিয়ে দ্রুততার সাথে ত্রুটিহীন ফলাফল নিশ্চিত করে। এভাবে সাশ্রয়ী এ মেশিন রোগীর উন্নত যত্ন নিশ্চিত করে।' তিনি আরও বলেন, 'দেশের হাসপাতাল ও ল্যাবগুলোতে বিশ্বমানের আধুনিক সমাধান প্রদানের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত উন্নয়নে টেকভাইটাল প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামে ডিরুই সিএসএম-৮০০০ আনার মাধ্যমে সে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো'।

ডিরুই বাংলাদেশ ও নেপালের কান্ট্রি সেলস ম্যানেজার মো. মাহিবুল হাসান বলেন, ‘ডিরুই সিএসএম- ৮০০০ উচ্চ গ্ৰুপুট, মডুলার ফ্লেক্সিবিলিটি এবং সম্পূর্ণ ল্যাব ইন্টিগ্রেশন প্রদান করে। এই সিস্টেম ল্যাবগুলিতে নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

বায়োকেমিস্ট্রি, ইমিউনোঅ্যাসি, ইলেকট্রোলাইট এবং এইচবিএওয়ানসি (HbA1c) পরীক্ষা যেখানে আলাদা আলাদা মেশিনে করতে হতো, ডিরুই সিএসএম-৮০০০ এর মাধ্যমে তা একত্রে করা সম্ভব। ফলে ল্যাবগুলোর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এ মেশিন পরিচালন ব্যয় কমাতেও ভূমিকা রাখে।