এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
সিভয়েস২৪ ডেস্ক
ইউনিসেফের মাধ্যমে এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশে হামসহ ছয় রোগের টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবা উন্নয়ন, আইসিইউ সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ৫ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এ গ্রুপের রূপরেখা তৈরি হবে বলে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের পর দেশে হাম প্রতিরোধে কোনো জাতীয় ক্যাম্পেইন হয়নি। ফলে সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। খুব শিগগিরই ৬০৪ কোটি টাকার হামসহ ছয় রোগের টিকা আনার বরাদ্দ পাওয়া গেছে। ইউনিসেফকে অর্থ প্রদান করা হয়েছে। আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহেই টিকা দেশে পৌঁছাবে।’
তিনি আরো জানান, শিশুদের হামসহ বিভিন্ন রোগ বৃদ্ধির কারণে সরকারি উদ্যোগে অতিরিক্ত ২০টি ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্য সব খবর















