শিশুদের বিশেষ টিকা কার্যক্রম শুরু, ৩ মে থেকে সারাদেশে
সিভয়েস২৪ ডেস্ক
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, হামে আক্রান্ত রোগীর ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। ফলে ঝুঁকি কমাতে এই বয়সি সকল শিশুকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বর্তমানে অসুস্থ শিশু ব্যতীত ৬–৫৯ মাস বয়সী সবাইকে টিকা দেওয়া হবে। যারা অসুস্থ—বিশেষ করে হাম বা জ্বরে আক্রান্ত—তাদের আপাতত শুধুমাত্র ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।”
তিনি জানান, প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ডব্লিউএইচও ও ইউনিসেফের সুপারিশে সংক্রমণ বেশি—এমন এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ধাপে ধাপে সারাদেশে টিকাদান সম্প্রসারণ করা হবে।
আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় কর্মসূচি চালু হবে। পরবর্তী ধাপে আগামী ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান মন্ত্রী।
অতীতের সরকারগুলোর অবহেলায় দেশের টিকাদান কার্যক্রমে ঘাটতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অতীত নিয়ে সময় নষ্ট করতে চাই না। তবে অতীতের অব্যবস্থাপনার কারণেই হামের প্রকোপ এত বেড়েছে।’
বিশেষ কর্মসূচির প্রথম ধাপে যেসব ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে, সেগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর, শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর, ফুলপুর; চাঁদপুরের হাইমচর, সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া, বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোনার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী, রামু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট ও সদর; নাটোর সদর এবং যশোর সদর।
স্বাস্থ্য সব খবর















