Cvoice24.com

পেট-সিটি ও সাইক্লোট্রন চালু নিউক্লিয়ার মেডিসিনে

সিভয়েস২৪ ডেস্ক
২১:০৬, ১৯ জানুয়ারি ২০২৬
পেট-সিটি ও সাইক্লোট্রন চালু নিউক্লিয়ার মেডিসিনে

চট্টগ্রামে পেট-সিটি ও সাইক্লোট্রন স্থাপন করেছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়ন্সেস (ইনমাস)। এরমাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা ও গবেষণায় বড় ধরনের অগ্রগতি হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনমাস ভবনে ‘সাইক্লোট্রন সুবিধাসহ পেট-সিটি স্থাপন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। 

ইনমাস চট্টগ্রামের পরিচালক ডা. পবিত্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, পেট-সিটি প্রযুক্তি আধুনিক চিকিৎসাবিজ্ঞানে, বিশেষ করে ক্যান্সার নির্ণয়, রোগের স্টেজিং, চিকিৎসা পরিকল্পনা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনমাস, চট্টগ্রামে অন-সাইট সাইক্লোট্রনের মাধ্যমে ফ্লুরিন-১৮ এফডিজি ও পিএসএমএসহ প্রয়োজনীয় রেডিওআইসোটোপ উৎপাদন চালু হলে মানসম্মত ও সময়োপযোগী রেডিওফার্মাসিউটিক্যাল সরবরাহ নিশ্চিত হবে। এতে রোগীরা দ্রুত, কার্যকর ও তুলনামূলকভাবে সাশ্রয়ী সেবা পাবেন। একই সঙ্গে উন্নত নিউক্লিয়ার মেডিসিন সেবার জন্য রাজধানীর ওপর নির্ভরতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানান বক্তারা।

সভায় আরও বলা হয়, পেট-সিটি ও সাইক্লোট্রন সুবিধা চালু হলে চট্টগ্রাম অঞ্চলে নিউক্লিয়ার মেডিসিন ও অ্যালায়েড সায়ন্সেসে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ মতবিনিময় সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ স্বাস্থ্যখাতের অংশীজন, চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে ভবিষ্যতে সাইক্লোট্রন থেকে রেডিওআইসোটোপ সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রামের ছয়টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পাদন করা হয়।

স্বাস্থ্য সব খবর