Cvoice24.com

চন্দনাইশে দুই ফার্মেসিকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:২৭, ৩১ অক্টোবর ২০২৬
চন্দনাইশে দুই ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান পরিচালনার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাংলাদেশ ফার্মেসি ও মেসার্স নিউ চন্দনাইশ ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সড়কসংলগ্ন ড্রেন মাটি দিয়ে ভরাট করে পানি চলাচল বন্ধ করার বিষয়টি নজরে আসে। এ সময় সংশ্লিষ্ট পরিবারগুলোকে ড্রেনের মাটি সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন ইউএনও।

এ ছাড়া হাসপাতালের পাশে একটি গুদামে অবৈধ আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়। সংযোগটি বিচ্ছিন্ন করে বাণিজ্যিক সংযোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়।

পরে পৌরসভার কর্মচারীদের দিয়ে হাসপাতালের সড়কের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমাসহ হাসপাতাল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।