সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় থেমে থেমে এ গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্গম এলাকায়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে গোলাগুলির ঘটনায় জেএসএসের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, গোলাগুলির কোনো খবর তিনি এখনো পাননি। এ ধরনের গোলাগুলিতে জেএসএসের থাকার প্রশ্নই আসে না।
সজীব চাকমা আরও বলেন, ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের কয়েকটি এলাকায় সশস্ত্র মহড়া চালানোর খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজনের ধারণা, জনগণের ওপর চাপ সৃষ্টি এবং পার্বত্য চুক্তির পক্ষের লোকজনের ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
অন্যদিকে, ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পাহাড় সব খবর















