মিয়ানমারে পাচারের প্রস্তুতি, মিরসরাইয়ে ১৫ টন সারসহ গ্রেপ্তার ৮
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাই থেকে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে দুই ট্রাকভর্তি ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার ৪০ নম্বর গেট থেকে ভোর সাড়ে চারটার দিকে সারবোঝাই দুটি ট্রাকসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ট্রাক দুটি থেকে ইউরিয়া সার সাগরের কিনারে নিয়ে ট্রলারে বোঝাই করে মিয়ানমারে পাঠানোর প্রস্তুতি চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা কয়েকটি ট্রলারে থাকা অর্ধেকের বেশি সার নিয়ে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা ৫০ কেজি ওজনের ৩০১ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাই দিয়ে সাগরপথে সার পাচারের ঘটনা ঘটছে। শুক্রবার রাতে দুই ট্রাক ইউরিয়া সার সাগরপথে মিয়ানমারে পাচারের গোপন তথ্য পেয়ে পুলিশের কয়েকটি দল একযোগে অভিযান চালায়। প্রায় চার ঘণ্টার অভিযানে ৩০১ বস্তা সারসহ আটজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















