পুলিশ দেখে বন্দুক ফেলে পালালেন দুই সন্দেহভাজন
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া বাঘঘোলা মার্কেটসংলগ্ন বীর কমলার দীঘির উত্তর পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চলাকালে ঘটনাস্থলে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা অস্ত্রটি ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান। বাটসহ অস্ত্রটির দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার সব খবর













