Cvoice24.com

আনোয়ারায় শ্রমিক লীগ নেতা মুছা আটক

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৫২, ২৮ নভেম্বর ২০২৬
আনোয়ারায় শ্রমিক লীগ নেতা মুছা আটক

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ মুছাকে আটক করেছে শিল্প পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ মুছা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার আবু তাহেরের ছেলে। 

তিনি রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) ডিএপি সেলস সার বিক্রয় বিভাগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। পাশাপাশি তিনি কারখানার ক্যাজুয়াল শ্রমিকদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুছার বিরুদ্ধে কারখানায় অস্থিরতা সৃষ্টি এবং শ্রমিকদের বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মুছাকে আটক করা হয়েছে। তিনি নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।


 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর