Cvoice24.com

রাউজানে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন হাজারো রোগী

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৩৭, ২৮ নভেম্বর ২০২৬
রাউজানে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন হাজারো রোগী

চট্টগ্রামের রাউজানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার পশ্চিম গশ্চি এলাকার তালীমুল কুরআন নুরানী একাডেমিতে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাব।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচিতে পশ্চিম গশ্চি ও আশপাশের এলাকার মোট ১ হাজার ৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০০ জনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখের ছানি অপারেশনের জন্য ৫৮ জন রোগীকে নির্বাচিত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে কর্মসূচিতে ১০০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিস, ডেঙ্গু ও শিশুদের ক্যানসার (চাইল্ডহুড ক্যানসার) বিষয়ে সচেতনতামূলক সেমিনার এবং লিফলেট বিতরণ করা হয়।

সেন্ট্রাল জুবিলী ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আবদুল্লাহ আল মামুন এমজেএফের সভাপতিত্বে এবং জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্সের প্রথম জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক পিএমজেএফ। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন।

এতে আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপার্সন লায়ন আবুল হাশেম, সেন্ট্রাল জুবিলী ক্লাবের ট্রেজারার লায়ন কাওছারউজ্জামান, সমাজসেবক ইউছুফ তালুকদার, মিরাজ চৌধুরী এবং সেন্ট্রাল জুবিলীর লিও প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর