Cvoice24.com

ওয়াকফ সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, ফাতেমার অভিযোগ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:০৮, ২৮ নভেম্বর ২০২৬
ওয়াকফ সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, ফাতেমার অভিযোগ

পারিবারিক সম্পত্তি ও ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা এবং হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ফাতেমা বেগম। তার অভিযোগ, ছোট ছেলে ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে এবং তার পরিবারের সদস্যদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একের পর এক মামলা করা হচ্ছে। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরের লাভলেইনস্থ স্মরণিকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

ফাতেমা বেগম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মরহুম ইমাম হোসেন চৌধুরীর বড় ছেলে মরহুম এ জেড এম শামসুদ্দিন চৌধুরীর স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মহানগরের ১৩ নম্বর লাভলেইনের জায়গাটি ওয়াকফ এস্টেটের সম্পত্তি। তার স্বামী জীবিত থাকাকালে এস্টেটের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর বড় ছেলে সাকিব ইমাম চৌধুরী ওই দায়িত্ব পালন করছেন।

ফাতেমা বেগমের দাবি, সম্প্রতি তার ভাগনে ও ব্রিটিশ নাগরিক রিচার্ড চৌধুরী অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর প্ররোচনা ও ভুল তথ্যের ভিত্তিতে রিচার্ড এ মামলা করেছেন বলে অভিযোগ করেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন ফাতেমা বেগম।

মামলায় তার ভাই মরহুম ড. ফেরোজুল হক চৌধুরীর মৃত্যুসনদ ব্যবহার করে অর্থ উত্তোলনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি কোনো অর্থ উত্তোলন করেননি। সংশ্লিষ্ট অর্থ ব্যাংকে সংরক্ষিত রয়েছে এবং ব্যাংকের নথিপত্র যাচাই করলেই বিষয়টি পরিষ্কার হবে।

ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফাতেমা বেগম বলেন, ২০২০ সালে তার মালিকানাধীন স্মরণিকা ক্লাব ভেঙে ফেলা হয়। বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়েও সাজিদ বিভিন্ন সময়ে বিরোধ সৃষ্টি করেছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে অভিযোগ এবং একের পর এক মামলা করে তাকে ও পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ক্লাবের আয় দিয়ে সাজিদ তাদের বাসার পেছনে চারতলা একটি ভবন নির্মাণ করেছেন। একই সঙ্গে ক্লাবের অফিস ও তার বাসা ছায়ানীড় বিল্ডিংয়ের নিচতলা থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের খাতাপত্র নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়ে বড় ছেলে সাকিবের বিরুদ্ধে মোতাওয়াল্লির পদ থেকে অপসারণসহ একাধিক মামলা করা হয় বলেও জানান তিনি।

ওয়াকফ এস্টেটের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য সাজিদের শ্বশুর আবদুস সালাম ও চাচা শ্বশুর নজরুল ইসলাম বিভিন্ন সময়ে চাপ ও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন ফাতেমা বেগম। 

তার দাবি, তাদের কথামতো সম্পত্তি ভাগ না করলে বড় ছেলে সাকিব ইমাম চৌধুরী ও চাচা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করানোসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে।

ফাতেমা বেগম জানান, ২০২২ সাল থেকে পারিবারিক বিরোধ জটিল আকার ধারণ করে। ২০২৩ সাল থেকে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। আগের মামলাগুলোতে প্রত্যাশিত প্রতিকার না পেয়ে এবার ভাগনে রিচার্ড চৌধুরীকে দিয়ে তার বিরুদ্ধে নতুন মামলা করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বড় ছেলে সাকিব ইমাম চৌধুরীকে ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফাতেমা বেগম। তার মতে, এস্টেটের সম্পত্তি ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতেই এসব অভিযোগ ও মামলা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হয়রানি ও হুমকির অভিযোগের অনুসন্ধান এবং ওয়াকফ এস্টেটের সম্পত্তি ও ব্যবস্থাপনার প্রকৃত অবস্থা যাচাইয়ের দাবি জানান।

ফাতেমা বেগম বলেন, ‘আমি কারও সঙ্গে বিরোধ বা প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হোক এবং আমরা যেন সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারি।’

সংবাদ সম্মেলনে সাকিব ইমাম চৌধুরী, ইফতেখার আহসান খান, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ইমরান চৌধুরী, সামিহা সাঈদ, সাব্বির হোসেন, রওশন জামিল চৌধুরী, তারিকুল আহসান খান ও আয়েশা বেগম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর