Cvoice24.com

চকরিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
১৬:৩৭, ৬ অক্টোবর ২০২৬
চকরিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৩

কক্সবাজারের চকরিয়ায় পাঁচটি দেশীয় তৈরি বন্দুক ও ১৭টি গুলিসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ তানভীর (২১), মো. রুকমদ্দিন (৪২) ও আকতার আহমেদ (৭৮)। তাঁরা চকরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার বেইস স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, সোমবার দিবাগত রাতে বদরখালী ইউনিয়নের বদর আউলিয়া ঘাটসংলগ্ন এলাকায় সাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ ও মাছ ধরার ট্রলারে ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অবস্থান করছে—এমন খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

আটক ব্যক্তিদের হেফাজত ও ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পাঁচটি দেশীয় তৈরি বন্দুক ও ১৭টি গুলি উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ওই দলের সদস্যরা অস্ত্র কেনাবেচার পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।