টেকনাফে দুই পক্ষের গোলাগুলি, আহত ২
উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) ও একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের পরিবারের সঙ্গে পাশের পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ সময় হেলাল গুলিবিদ্ধ হন। হারুনও আহত হন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম ইসলাম বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হেলালের কোমরের ডান পাশে গুলির আঘাত রয়েছে। হারুনের মাথা ও বাঁ হাতে আঘাত লেগেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
কক্সবাজার সব খবর















