দুই সীমান্তে বিজিবির অভিযান, ৫ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে তুমব্রু সীমান্তে ইয়াবা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (৩ অক্টোবর) রাতে টেকনাফ এবং রোববার (৪ অক্টোবর) ভোরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের জিয়াখাল এলাকায় অভিযান চালায় ৬৪ বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় দুটি পোটলা নিয়ে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের বহন করা পোটলা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) ও আবদুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
অন্যদিকে রোববার ভোর সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ৩৪ বিজিবি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির বিশেষ টহলদল সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়।
বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে সন্দেহভাজনরা সঙ্গে থাকা মালামাল ফেলে রাতের অন্ধকারে ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম বলেন, উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















