Cvoice24.com

শেখ হাসিনার জন্মদিন পালন, সীতাকুণ্ডে ছাত্রলীগের ২ নেতা আটক

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৫৫, ৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার জন্মদিন পালন, সীতাকুণ্ডে ছাত্রলীগের ২ নেতা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। পুলিশের দাবি, ভিডিওতে ১১ জনের একটি দলকে একসঙ্গে জন্মদিন পালন করতে এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ওই ভিডিওর সূত্র ধরে পুলিশ ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে শনাক্ত করে আটক করে বলে জানিয়েছে। পুলিশের ভাষ্য, তারা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আটক দুই যুবকের নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও পোস্টের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।