Cvoice24.com

হরমুজ নিয়ে অনড় ইরান, যুক্তরাষ্ট্রের সামনে ৭ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৭:৩২, ৪ অক্টোবর ২০২৬
হরমুজ নিয়ে অনড় ইরান, যুক্তরাষ্ট্রের সামনে ৭ শর্ত

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে দেওয়া ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি আর খুলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রবিবার দেশটির সংবাদমাধ্যম নুরনিউজ তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় ইরানের সাতটি শর্ত রয়েছে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্ন নেই।

গালিবাফ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গণমাধ্যমে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ভিন্ন কিছু প্রস্তাব দিয়েছে। একতরফা দাবি চাপিয়ে দেওয়া বা আলোচনা দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

গালিবাফ বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান পুরোপুরি স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা অনুযায়ী আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’

এর আগে, রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেছেন, প্রণালি খোলার জন্য ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ও রয়েছে।

তিনি বলেছেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরান তার জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেছেন তিনি।

আরাগচি বলেছেন, ‘তারা আবার সামরিক সমাধানের পথে গেলে আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত। নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব।’

এদিকে, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘সহজ বা কঠিন’ যেকোনো পথে এগোবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরান ‘ধ্বংসপ্রাপ্ত’ অবস্থায় রয়েছে। এখন দেশটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পালা।

তিনি বলেছেন, ‘ইরানের বিষয়ে আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। ইরান ধ্বংসপ্রাপ্ত। তাই একমাত্র প্রশ্ন হলো, এটি সহজ পথে হবে, নাকি কঠিন পথে।’

তবে ‘সহজ’ বা ‘কঠিন’ পথ বলতে কী বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা করেননি ট্রাম্প। সিদ্ধান্ত নেওয়ার কোনো সময়সীমাও জানাননি।

সূত্র : রয়টার্স