Cvoice24.com

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের ক্ষমতায় আসার পথে আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক
১১:২৪, ৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের ক্ষমতায় আসার পথে আইজেনকট

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শেষে শনিবার (৭ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে জানান, শনিবার সন্ধ্যায় আইজেনকটকে প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রবিবার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে এক অনুষ্ঠানে তার হাতে সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পেতে বিভিন্ন দলের সমর্থন চেয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন দুই নেতা। এতে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকটের পক্ষে সুপারিশ করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন। বাকি সাত সদস্যের একটি দল কোনো প্রার্থীর পক্ষে সুপারিশ করেনি। সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সুপারিশ এবং সরকার গঠনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত আইজেনকটকে বেছে নেন প্রেসিডেন্ট হারজগ।

তবে আইজেনকটের সামনে সরকার গঠনের পথ সহজ নয়। কারণ, তাকে সমর্থন জানানো আরব দলগুলোকে সরাসরি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করার অবস্থান জানিয়েছেন তিনি। ফলে সরকার গঠনের জন্য অন্যান্য বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে হবে তাকে।

ইসরায়েলের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে নীতিগত বিষয়, মন্ত্রিসভার পদ বণ্টন এবং জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে তাকে।

নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো আইনপ্রণেতাকে একই দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে তৃতীয় কোনো প্রার্থীকে ১৪ দিনের জন্য সুযোগ দেওয়া হতে পারে। এরপরও সরকার গঠন সম্ভব না হলে নতুন নির্বাচনের পথ তৈরি হবে। সে ক্ষেত্রে নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বেনিয়ামিন নেতানিয়াহু।

লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা নেতানিয়াহুর জন্য এবারের নির্বাচনের ফল বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আইজেনকট সরকার গঠনে সফল হলে তাঁর দীর্ঘ প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটতে পারে।