বহদ্দারহাটে নকল ঘি উৎপাদন, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাটে বাজার তদারকি অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নকল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে পারভিন ট্রেডার্স নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং হোসেন এন্টারপ্রাইজ নামের এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













