Cvoice24.com

বিদেশে চিকিৎসার পথ সহজ করতে চট্টগ্রামে ‘এমভিটি সামিট ২০২৬’

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৪:২৮, ৪ অক্টোবর ২০২৬
বিদেশে চিকিৎসার পথ সহজ করতে চট্টগ্রামে ‘এমভিটি সামিট ২০২৬’

চিকিৎসার জন্য বিদেশমুখী রোগীদের সঙ্গে আন্তর্জাতিক হাসপাতাল ও বিশেষজ্ঞদের সরাসরি যোগাযোগ তৈরির উদ্যোগ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’। আগামী ১৪ নভেম্বর নগরের দ্য পেনিনসুলা হোটেলে আয়োজিত এ সম্মেলনে চীন, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

রবিবার (৪ অক্টোবর) মহানগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আয়োজকেরা জানান, এ সম্মেলনের মূল লক্ষ্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞদের যোগাযোগ বাড়ানো এবং চিকিৎসা পর্যটনের সম্ভাবনাকে আরও বিস্তৃত করা।

তারা বলছেন, চট্টগ্রাম ও আশপাশের অঞ্চল থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে স্থানীয় পর্যায়ে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হলে রোগীরা চিকিৎসার বিভিন্ন বিকল্প, সংশ্লিষ্ট হাসপাতাল ও বিশেষজ্ঞদের সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাবেন।

সামিটে বিভিন্ন দেশের হাসপাতাল প্রতিনিধি, চিকিৎসাবিশেষজ্ঞ ও স্বাস্থ্যসেবা খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণের পাশাপাশি বৈঠক, প্যানেল আলোচনা ও বিশেষ অধিবেশনের আয়োজন থাকবে। এসব আয়োজনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু বলেন, ‘চীন, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা সামিটে উপস্থিত থাকবেন। রোগীরা তাদের সঙ্গে সরাসরি পরামর্শ করে চিকিৎসাসেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন।’

আয়োজকদের প্রত্যাশা, এমভিটি সামিটের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণে আগ্রহী রোগীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের পথ আরও সহজ হবে।

আয়োজকদের মতে, এ সম্মেলন চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতকে আন্তর্জাতিক পরিসরে আরও সংযুক্ত করার পাশাপাশি চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহসভাপতি দাউদ আরমান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর