Cvoice24.com

হালিশহরে সরকারি হাসপাতালের দাবিতে কর্মসূচি স্থগিত

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৩৪, ৩ অক্টোবর ২০২৬
হালিশহরে সরকারি হাসপাতালের দাবিতে কর্মসূচি স্থগিত

চট্টগ্রাম মহানগরের হালিশহর নিউ এ ব্লকের সরকারি আরবান ডিসপেনসারিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তরের দাবিতে অনুষ্ঠেয় মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

আয়োজক সংগঠন রেড ভলান্টিয়ার্স জানিয়েছে, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পক্ষ থেকে অনুরোধ আসায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে। বর্তমানে সংসদ সদস্য সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে মতবিনিময় করে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার বিকেল ৪টায় হালিশহর বিডিআর মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন হওয়ার কথা ছিল।

রেড ভলান্টিয়ার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য সাঈদ আল নোমান কর্মসূচিটির বিষয়ে অবগত রয়েছেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগকে তিনি ইতিবাচকভাবে দেখছেন বলে আয়োজকদের জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মীর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও হামলার আশঙ্কার কথা জানানো হয়। পাশাপাশি স্থানীয় কিছু রাজনৈতিক নেতার অসহিষ্ণু মনোভাবের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

এসব কারণে জননিরাপত্তার স্বার্থে শনিবারের মানববন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেড ভলান্টিয়ার্স।

মানববন্ধন স্থগিত হলেও সরকারি আরবান ডিসপেনসারিটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের দাবিতে চলমান উদ্যোগ থেকে সরে আসছে না সংগঠনটি।

রেড ভলান্টিয়ার্স জানিয়েছে, হালিশহর নিউ এ ব্লকের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিসপেনসারিটিকে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচির তারিখ ও কর্মসূচির ধরন ঘোষণা করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর