দিনে নিউমার্কেটে হকার নয়, সন্ধ্যায় নির্দিষ্ট স্থানে বসার সুযোগ: সিডিএ চেয়ারম্যান
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন ও সৌন্দর্য রক্ষায় নিউমার্কেট ও আশপাশের এলাকায় দিনে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন। তবে হকারদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যায় নির্দিষ্ট স্থান ও সময়ে বসার সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালায় সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।
নিউমার্কেট এলাকার ফুটপাত ও মূল সড়কের একাংশ দখল করে জুতা, স্যান্ডেল, পোশাক এবং আপেল, কমলা, ড্রাগনসহ বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছিলেন হকাররা। সিডিএ চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে এসব ভাসমান দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় তাঁকে একটি অস্থায়ী কাপড়ের দোকান থেকে নিজ হাতে বসার কাঠের টুল সরিয়ে নিতে দেখা যায়।
অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘নিউমার্কেটের চারদিকে কোনো হকার থাকতে পারবে না। এখানে প্রতিনিয়ত যেসব ক্রেতা আসেন, তাঁদের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে, সে জন্য এই এলাকা উন্মুক্ত থাকবে। যারা জিনিসপত্র সরাবে না, প্রয়োজনে আমরা ট্রাকে করে তা নিয়ে যাব। এখানে কাউকে বসতে দেওয়া হবে না।’
যানজটমুক্ত ও নান্দনিক চট্টগ্রাম গড়তে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হকারদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, ‘ব্যাংকক বা মালয়েশিয়ার মতো আমরাও হকারদের জন্য একটি সময় ও স্থান নির্ধারণ করে দেব। সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে বসে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, হকাররা সন্ধ্যায় নির্দিষ্ট জায়গায় বসবেন এবং বিক্রি শেষে সবকিছু পরিষ্কার করে নিয়ে যাবেন। স্থায়ীভাবে চৌকি বা ত্রিপল টানিয়ে বসার কোনো সুযোগ থাকবে না।
এর আগে নগরের বিভিন্ন হাসপাতাল, স্কুল-কলেজ ও শপিং মলের সামনেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, এসব এলাকায় ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। নিউমার্কেট এলাকাতেও একইভাবে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হবে।
অভিযানে উপস্থিত হকার সমিতির নেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত বিকল্প ব্যবস্থা করার দাবি জানান। হকারদের এক প্রতিনিধি বলেন, ‘আমরা সিডিএ, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের নির্দেশ মানব। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কর্মহীন হয়ে পড়ব। ডালভাত খেয়ে বেঁচে থাকার জন্য দ্রুত আমাদের একটি ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
জবাবে সিডিএ চেয়ারম্যান বলেন, হকারদের কর্মসংস্থানের বিষয়টি তাঁদের বিবেচনায় রয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সুষ্ঠু ও সুন্দর সমাধান বের করা হবে।
অভিযানে সিডিএ, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














