Cvoice24.com

বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৪৭, ৯ নভেম্বর ২০২৬
বার্মাছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বার্মাছড়ি ইউনিয়নে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পশু-পাখির রোগ শনাক্তকরণ, প্রতিরোধ ও সঠিক পরিচর্যা সম্পর্কে খামারিদের সচেতন করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বার্মাছড়ি ক্যাম্পে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম, সহকারী ত্রিপণ চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিরা প্রশিক্ষণে অংশ নেন। তাদের গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, সাধারণ রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দুর্গম এলাকার খামারিরা প্রাণিসম্পদ পালনে আরও দক্ষ হয়ে উঠবেন। এতে পশু-পাখির রোগ ও মৃত্যুহার কমার পাশাপাশি খামারিদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।