রাশিয়া-ইউক্রেনের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, দুই পক্ষই ‘জ্বালানি যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি যুদ্ধবিরতি হয়েছে। দুই পক্ষকে এ সমঝোতা মেনে চলার আহ্বানও জানান তিনি।
তবে ট্রাম্পের ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এ বিষয়ে তিনি এখনো বিস্তারিত তথ্য পাননি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুক্তির শর্ত ও অন্যান্য বিষয় জানার অপেক্ষায় রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে তার কথা হয়েছে।
জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির প্রতি ইউক্রেন সমর্থন জানায়। তবে রাশিয়ারও তা সমর্থন করা জরুরি। এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তথ্যের অপেক্ষায় রয়েছে কিয়েভ।
এদিকে, ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার মতে, এ ধরনের হামলা বন্ধ করা উচিত ইউক্রেনের। পাশাপাশি দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের অভিযোগ, মস্কোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর একাধিক সুযোগ হাতছাড়া করেছেন জেলেনস্কি। তবে রাশিয়া-ইউক্রেনের মধ্যে ঘোষিত জ্বালানি যুদ্ধবিরতির কার্যকারিতা, শর্ত এবং তা বাস্তবায়নের বিষয়ে এখনো স্পষ্টতা পাওয়া যায়নি।
অন্যদেশ সব খবর















