Cvoice24.com

আতুরার ডিপোতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫২, ১ নভেম্বর ২০২৬
আতুরার ডিপোতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম বিক্রি, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা এবং মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিম বিক্রি এবং খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগ পাওয়া যায়।

মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাবার তৈরিতে রাসায়নিক রঙ ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।

অন্যদিকে, মাবিয়া বেকারিতে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ নেতৃত্ব দেন। তাঁদের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।