Cvoice24.com

একাদশে ভর্তির আবেদন শুরু, ২৩ সেপ্টেম্বর ক্লাস 

সিভয়েস২৪ ডেস্ক
১০:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির আবেদন শুরু, ২৩ সেপ্টেম্বর ক্লাস 

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

যেসব তারিখ মনে রাখতে হবে

ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

৭ শতাংশ কোটা

এর আগে ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

শিক্ষা সব খবর