জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে সমন্বিত পরিকল্পনার তাগিদ
সিভয়েস২৪ ডেস্ক
প্রতিবার বর্ষা এলেই একই চিত্র— সড়ক ডুবে যায়, থমকে দাঁড়ায় যান চলাচল, দুর্ভোগে পড়েন লাখো মানুষ। চট্টগ্রামের এই দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও পরিবেশ বিশেষজ্ঞরা।
সোমবার (২৭ জুলাই) নগরের লালখান বাজারস্থ কপার চিমনি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এক সেমিনারে এসব মতামত উঠে আসে।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা বিভাগের ডিন ড. মোহাম্মদ রাশিদুল হাসান।
আলোচনায় সভায় অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক রোমানা আক্তার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কাইসার আহমেদ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন রূবা।
বক্তারা বলেন, প্রায় ৫০ লাখ মানুষের আবাসস্থল চট্টগ্রাম একসময় ‘প্রাচ্যের রাণী’ হিসেবে পরিচিত ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, খাল-নালা দখল ও ভরাট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বর্তমানে জলাবদ্ধতা নগরবাসীর অন্যতম প্রধান দুর্ভোগে পরিণত হয়েছে।
তাদের মতে, সামান্য বৃষ্টিতেই নগরের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে যায়। কোথাও কোথাও দিনের পর দিন পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে কর্মঘণ্টা নষ্ট, যান চলাচলে বিঘ্ন, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতিসহ নগর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, কেবল অবকাঠামো নির্মাণ করলেই এ সংকটের সমাধান হবে না। খাল পুনরুদ্ধার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব। একই সঙ্গে খাল-নালায় বর্জ্য না ফেলে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












