নৌকায় নির্বাচিত চেয়ারম্যান বললেন ‘আমি কখনো রাজনীতি করতাম না’
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
ছিলেন আওয়ামী লীগের দাপুটে নেতা, কেন্দ্র থেকে নৌকা প্রতীক হাঁকিয়ে এনে একাধিকবার, একাধারে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। কিন্তু এখন তিনি বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কখনো রাজনীতিতে যুক্ত হননি, আর দলীয় পদটিও তাকে স্বপ্রণোদিতভাবে দিয়েছেন সিনিয়র নেতারা। ঘোষণা দিয়ে সেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। জানিয়ে দিয়েছেন, এখন থেকে তিনি কোনো দলের সঙ্গে জড়িত নন। এই নেতার নাম হাজী ছাবের আহমদ। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
গত ২৫ মার্চ তিনি চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন— ‘আমি দীর্ঘদিন নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলাম। তবে পদটি আমাকে স্বপ্রণোদিতভাবে জেলা নেতারা দিয়েছেন। আমি কখনো রাজনীতি করতাম না। কখনো মিছিল-মিটিংয়েও যেতাম না। বর্তমানে ব্যক্তিগত শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিজনিত কারণে আমি উক্ত পদে যথাযথভাবে দায়িত্ব পালন করতে অপারগ। ফলে সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে আমি উক্ত পদ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।’
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। অনেক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এই সিদ্ধান্তকে সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করছেন।
জানতে চাইলে হাজী ছাবের আহমদ বলেন, ‘আমি কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। অতীতে কিছু আওয়ামী লীগ নেতার চাপেই আমাকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। তবে আমি নৌকা ছাড়াও একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি বারবার জানালেও কেউ গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি কোনো দলের সঙ্গে জড়িত নই।’
রাজনীতি সব খবর















