আর কে মিউজিক একাডেমির ২৬ বছরপূর্তি উদযাপন
সিভয়েস২৪ ডেস্ক
প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে আসা সুরের এক প্রবাহমান ধারা। এই ধারার গতিরোধ করতে পারে কার সাধ্য! পিতার তৈরি করা সুরের ভুবনে পুত্রের এমন অভিনব প্রতিভার নিরন্তর সাক্ষর রেখে চলা সত্যিই প্রশংসনীয়। আর কে মিউজিক একাডেমির ২৬ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।
গত ১ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আর কে মিউজিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর কে জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা-মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন অনুষদের ডিন প্রফেসর ড. প্রদীপ কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন কোহিনুর গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও রবীন্দ্র-গবেষক অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক ফারুক আবদুল্লাহ ও জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী, ভারতরত্ন উপাধিপ্রাপ্ত শিল্পী হৈমন্তী শুক্লা ভার্চুয়াল শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে সূচনা হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন দেশের বিভিন্ন জেলায় মৌলিক বিষয়ের ওপর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি মিউজিক নিয়েও পড়াশোনার সুযোগ হয়েছে। চার বছর মেয়াদি অনার্স ও এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু হয়েছে মিউজিকের ওপর। আপনার গান গাওয়া সন্তানটি যদি পদার্থবিজ্ঞান বা রসায়নের পরিবর্তে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায়; তাতে আপনারা অভিভাবকরা হতাশ হবেন না, দয়া করে। আপনারা তাদের উৎসাহিত করবেন। তাতে দেশ ও জাতির সাংস্কৃতিক উন্নয়ন সম্ভব হবে। বর্তমানে হাজার হাজার ছেলেমেয়ে মিউজিক নিয়ে পড়াশোনা করছে।
প্রধান আলোচক ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, গানবাজনার জন্য পড়াশোনার ক্ষতি হয়— এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি নিজেই গানবাজনা করেই পড়াশোনা করেছি। বর্তমানে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনারা আপনাদের সন্তানকে এই ধারণাটুকু বিশ্বাস করাতে সাহায্য করুন যে, পড়াশোনা আর গানবাজনা বা অন্যান্য অ্যাক্টিভিটিজ— সব সমানভাবে গুরুত্বপূর্ণ। একটির জন্য অন্যটি ক্ষতিগ্রস্ত হয় না।
নজরুলসংগীত শিল্পী কুমুদিনী কলির সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আর কে মিউজিকের প্রায় অর্ধশত ছাত্রছাত্রীর একক গানের পরিবেশনার ফাঁকে ফাঁকে নাচ, আবৃত্তি ও যন্ত্রসংগীতের পরিবেশনায় অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে।
প্রেস রিলিজ সব খবর















