জেসিআই চিটাগাংয়ের নতুন কার্যালয়ের উদ্বোধন
সিভয়েস২৪ ডেস্ক
তরুণ পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাংয়ের নিজস্ব নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট জুনাইদ আহমেদ রাহাতের নেতৃত্বে এবং সংগঠনের সাধারণ সদস্য, পরিচালনা পর্ষদ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে জেসিআই চিটাগাংয়ের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনের জন্য একটি স্থায়ী কেন্দ্র তৈরি হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ২০২৬ জাতীয় পরিচালনা পর্ষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট শান শায়েদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস কে মতিউর রহমান, রিজিয়নাল ভাইস প্রেসিডেন্ট ইসমাইল মুন্না। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিআই চিটাগাংয়ের ২০২৬ মেয়াদের সেক্রেটারি জেনারেল নাহিদ মইন, সাবেক সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজান (২০২০) এবং রাজু আহমেদ (২০২৩)।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেসিআই চিটাগাংয়ের লোকাল প্রেসিডেন্ট জুনাইদ আহমেদ রাহাত বলেন, ‘এই নিজস্ব কার্যালয় জেসিআই চিটাগাংয়ের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তরুণদের নেতৃত্ব উন্নয়ন এবং চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কার্যকর প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই কার্যালয় আমাদের নতুন উদ্দীপনা জোগাবে।’
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং অতিথি মোহাম্মদ আকতার পারভেজ জেসিআই চিটাগাংয়ের এই নতুন যাত্রাকে সাধুবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে কেক কাটা ও ফিতা কাটার মাধ্যমে নতুন কার্যালয়ের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রেস রিলিজ সব খবর















