Cvoice24.com

রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর কণ্ঠে গীতাপাঠ

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬
রাঙ্গুনিয়ায় শতাধিক শিক্ষার্থীর কণ্ঠে গীতাপাঠ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রথমবারের মতো শতাধিক শিক্ষার্থীর শতাধিক কণ্ঠে পরিবেশিত হয়েছে গীতাপাঠ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সাবেক রাঙ্গুনীয়াস্থ শ্রীশ্রী সমভাব আদিত্য ধাম ও রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে ব্যতিক্রমী এই ধর্মীয় আয়োজনটি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন গীতাস্কুলের শতাধিক শিক্ষার্থী এই গীতাপাঠ পরিবেশনায় অংশগ্রহণ করে। গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ’র উদ্যোগে এবং আদিত্য মোহন ব্রজবাসী মনি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে আয়োজক কমিটি দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

শতকণ্ঠে গীতাপাঠ পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্তন এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলার গীতা প্রশিক্ষক প্রদীপ দত্ত, দীপক কান্তি সাহা, বাদল কান্তি নাথ, রাজীব শীল, রাজীব দত্ত ও কৌশিক সাহাসহ বিভিন্ন গীতাশিক্ষক উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের আহ্বায়ক শেখর কান্তি সাহা, উৎসব কমিটির সভাপতি গোপাল সাহা, প্রণব সাহা, রিন্টু বিকাশ সাহা, প্রদীপ সাহা, সৌমেন সাহা, অনুপম বিশ্বাস, হিরণ বিশ্বাসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

গীতাপাঠের পুরো আয়োজনটি পরিচালনা করেন সৌরভ সাহা। রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই শতকণ্ঠে গীতাপাঠ পরিবেশনা ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।