Cvoice24.com

পবিত্র শবে বরাত আজ: মসজিদে ওয়াজ, দোয়া ও নফল ইবাদতের আয়োজন

সিভয়েস২৪ ডেস্ক
০১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ: মসজিদে ওয়াজ, দোয়া ও নফল ইবাদতের আয়োজন

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলিম সম্প্রদায় ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, এই মহিমান্বিত রাত আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাণীতে তিনি বলেন, “এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত অর্জন করতে পারি।”

শবে বরাত উপলক্ষে সারাদেশের মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ কর্মসূচি পালিত হবে।

পবিত্র এ রাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আজ মঙ্গলবার দিবাগত রাতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—বাদে নামাজে এশা জামাতসহ নফল নামাজ আদায়, তাকবীর, পবিত্র শাজরা শরিফ পাঠ, মিলাদ মাহফিল, সালাত-সালাম এবং আখেরি মোনাজাত।

এতে অংশগ্রহণের জন্য উম্মতে মুহাম্মদী ও সর্বস্তরের আশেকানদের প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জামেয়া মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ দিন-রাতব্যাপী পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—বাদে যোহর: খতমে কোরআন ও খতমে তাহলিল, রওজা পাক জিয়ারত, মিলাদ, কিয়াম ও মোনাজাত। বাদে আসর: কোরআন বিতরণ, রওজা জিয়ারত, মিলাদ ও মোনাজাত। বাদে মাগরিব: ফাতেহা শরিফ, ঈসালে সওয়াব, মোরাকাবা ও বিশেষ তাওয়াজ্জুহ। বাদে এশা: জিকিরে গাউছুল আজম মোর্শেদী, নূরানি তাকরির, মিলাদ শরিফ ও আখেরি মোনাজাত।এশার জামাত অনুষ্ঠিত হবে রাত সাড়ে ১০টায়।

পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রাম দরবার শরিফে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা ছৈয়দ আবদুল মালেক শাহ (ক.)-এর মাজারে বিকেল থেকে জিকির-আজকার, সালাত-সালাম, দরুদ-কিয়াম ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাতে আশেক-ভক্তদের উদ্দেশে বক্তব্য দেবেন দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।