পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা থেকে মিনায় হাজিদের যাত্রা
সিভয়েস২৪ ডেস্ক
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সৌদি আরবে। যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই সোমবার (২৫ মে, ৮ জিলহজ) থেকে হজের মূল আচার-অনুষ্ঠান শুরু হয়। এর আগের দিন রবিবার রাত থেকেই মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা দিতে শুরু করেন হজযাত্রীরা।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাসে কিংবা পায়ে হেঁটে মিনার উদ্দেশে রওনা হওয়ার আগে হজযাত্রীরা পবিত্র কাবা সাতবার তাওয়াফ সম্পন্ন করেন।
এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ হজযাত্রী সৌদিতে জড়ো হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরাও যোগ দিয়েছেন।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজ, যা সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার পালন করা ফরজ।
হজের আনুষ্ঠানিকতা সাধারণত ছয় দিন ধরে চলে। ঈদুল আজহার তিন দিন আগে শুরু হয়ে ঈদের দুই দিন পর তা শেষ হয়। সে অনুযায়ী, এবারের হজের শেষ দিন ২৯ মে। সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের চলাচল ও সেবা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা চালু করা হয়েছে। মিনায় যাতায়াত, ক্যাম্পে প্রবেশ, দিকনির্দেশনা ও সচেতনতামূলক সেবা এবং নির্ধারিত স্থানে পৌঁছাতে সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।
এছাড়া মিনার ভেতরে থাকা, খাওয়া ও পরিবহন ব্যবস্থাপনার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়। যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে মাঠপর্যায়ের নজরদারি জোরদার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে বিভিন্ন সেবা কেন্দ্রে ৮৩ হাজারের বেশি পরিদর্শন ও মাঠপর্যায়ের সফর সম্পন্ন করা হয়েছে। এতে হাজিদের আবাসন, তাঁবু ও অন্যান্য সেবাকেন্দ্র পর্যবেক্ষণ করা হয়।
ধর্ম সব খবর














