হজ শেষে ওমরাহ ভিসা কার্যক্রম শুরু
সিভয়েস২৪ ডেস্ক
পবিত্র হজ মৌসুম শেষে নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা ইস্যু কার্যক্রম পুনরায় শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার (৩১ মে) থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা আবেদন গ্রহণ ও ভিসা ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। একই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতিও কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ওমরাহ পালনকারীরা সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত অনুমতি, বুকিং এবং অন্যান্য সেবাও পাওয়া যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সৌদি আরব। এর ফলে ভ্রমণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন। এছাড়া ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ।
কর্তৃপক্ষের আশা, নতুন মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি আধুনিক ও সহজতর সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
ধর্ম সব খবর















