Cvoice24.com

মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ৩

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:৪১, ৩ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের হালিশহরে মিয়ানমারে পাচারের উদ্দেশে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় কাফকোর ১১ টন রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে হালিশহর থানার দবিরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় অভিযান চালিয়ে ২২০ বস্তায় ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় তিনজনকে আটক এবং পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর