জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ ভাঙতে যৌথ অভিযান
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকায় চলে এ বিশেষ অভিযান। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
জেলা পুলিশ জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















