মাদক মামলায় একজনের যাবজ্জীবন
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরুল ইসলাম নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর থানার শালদহ পশ্চিমপাড়ার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৭ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকার কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউবের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে শফিকুল পুলিশকে জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের কাছ থেকে কিনেছেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, ‘২০২১ সালের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরু হয়। মামলায় আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















