ফেসবুক-টেলিগ্রামে সক্রিয়, যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরের পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) ও ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)। সজল কান্তি দাশ পাঁচলাইশ থানাধীন সানন্দা আবাসিক এলাকায় এবং সারোয়ার জাহান নুর খুলশী থানাধীন রূপসী হাউজিং এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সক্রিয় ছিলেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ বলেন, ‘আজ সকালে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।’
পাঁচলাইশ মডেল থানা পুলিশ আরও জানায়, তথ্য ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













