বিক্রির জন্য বাসি রুটি-পরোটা, মেহেদীবাগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি রুটি-পরোটা বিক্রির জন্য সংরক্ষণ, মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে সহযোগিতা করেন চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
চসিক সূত্র জানায়, অভিযানে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা অ্যান্ড বিরানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। পাশাপাশি বিক্রির জন্য সংরক্ষণ করা বাসি রুটি ও পরটা পাওয়া যায়। এছাড়া মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












